সব বিশ্ববিদ্যালয়ের জন্য ‘ভার্চুয়াল ক্লাসরুম’ উদ্বোধন
ঘরে বসেই বিশ্ববিদ্যালয় পাঠ্যকার্যক্রম চালিয়ে নেয়ার সুবিধার্থে উদ্বোধন করা হলো ‘ভার্চুয়াল ক্লাসরুম’। শিক্ষক- শিক্ষার্থীদের অনলাইন ঠিকানা মুক্তপাঠকে এই ক্লাসরুমে রূপান্তর করেছে আইসিটি বিভাগের অধীন এটুআই প্রকল্প। এখানে যেকোনো মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনার পাশাপাশি থাকছে ক্লাশ রুটিন, ধারণকৃত ক্লাশ, শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাসহ স্কুলের অধিকাংশ সুবিধাই।
মঙ্গলবার (২৩ জুন) ওয়েবিনারের মাধ্যমে এই প্লাটফর্মটির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইসিটি সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব মাহবুবুল হোসাইন অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
এটুআই নীতি উপদেষ্টা আনীর চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এ মান্নান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট এর পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।
এটুআই-এর যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) সেলিনা পারভেজ, এটুআই-এর চিফ টেকনিক্যাল অফিসার জনাব আরফে এলাহি’সহ শিক্ষা মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং এটুআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণমাধ্যমকর্মীরাও এসময় অনলাইন এই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ইতোমধ্যেই আইবিএ, রাজশাহী ও উন্মুক্তবিশ্ববিদ্যালয় এই প্লাটফর্মটি ব্যবহার শুরু করেছে। শনিবার থেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও এর সঙ্গে যুক্ত হতে শুরু করবে। সরকারি বিশ্ববিদ্যালয়গুলো ছাড়াও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোও এই প্লাটফর্মে যুক্ত হতে পারবে। তবে এজন্য সকলের মানসিকতার পরিবর্তনের ওপর গুরুত্ব দেয়া হয়। একইসঙ্গে প্রাক্টিক্যাল ক্লাসগুলো সিম্যুলেশনের পাশাপাশি আন্তঃ বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কিং ও বিশ্বিবিদ্যালয় শিক্ষক বাতায়ন তৈরির পরামর্শ উঠে আসে।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, “কোভিডকালীন সময়ে ভার্চুয়াল ক্লাস প্ল্যাটফর্মটি বিকল্প নয় বরং তা শিক্ষার একটি অবিচ্ছেদ্য অংশ। এটি আন্ত:মন্তণালয় সমন্বয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত এবং শিক্ষাক্ষেত্রে একটি বড় পদক্ষেপ ও অনলাইন এডুকেশনের একটি যুগান্তকারি উদ্যোগ।”
মন্ত্রী বলেন, “ডিজিটাল বাংলাদেশের জন্য অপরিহার্য অনুষঙ্গ ভার্চুয়াল শিক্ষা পদ্ধতি প্রবর্তনে ভার্চুয়াল ক্লাস সহায়ক হবে। কোভিড পরবর্তী (নিউ-নরমাল) পরিস্থিতির সাথে শিক্ষক-শিক্ষার্থীদের মাইন্ড সেটের পরিবর্তন আসা গুরুত্বপূর্ণ। সামনের দিনেও বিজ্ঞান চর্চায় ল্যাব এর পরিবর্তে ডিজিটাল সিমুলেটর ব্যবহার করে নানা ক্ষেত্রে শিক্ষার্থীদের একসেস দিতে সরকার অঙ্গীকারবদ্ধ।”